সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমার বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এতে সিয়াম গুরুতর আহত হন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপর থেকেই বোমাটি ছোড়া হয়েছে। তবে বোমা নিক্ষেপের পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, সিয়াম একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।