ওসমান হাদি হত্যাকাণ্ড: অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস

দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার 

শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে দেশবাসীর প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

 

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এই নৃশংস ঘটনার বিচার নিশ্চিত করতে রাষ্ট্র কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। তিনি শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণাও দেন এবং শোককে শক্তিতে রূপান্তর করে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

ভাষণে তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই তিনি ওসমান হাদির মৃত্যুর খবর পান। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন—ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে অগ্রণী এই কর্মীকে শহীদ হিসেবে কবুল করার জন্য।

 

প্রধান উপদেষ্টা আরও ঘোষণা দেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

 

হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি নিহতের স্ত্রী, পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

হত্যাকাণ্ডটিকে নৃশংস আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তদন্ত কার্যক্রম পেশাদারিত্বের সঙ্গে চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদি শুধু প্রতিবাদের প্রতীক নন—তিনি দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। জনগণকে গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার এবং কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

 

ভাষণের শেষাংশে তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাই। শহীদ হাদির প্রতি এটিই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধা।

এই বিভাগের আরো খবর