সময়ের চিত্র ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো দুই ছাত্র প্রতিনিধি—স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য–প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদের বিবরণ প্রকাশের দাবি জানিয়েছে ‘দুর্নীতি বিরোধী ছাত্র জনতা’। সংগঠনের অভিযোগ, গত ১৭ মাসে তাদের অধীনে থাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কী ধরনের অনিয়ম বা দুর্নীতি ঘটেছে, সেটিও জনসম্মুখে তুলে ধরা জরুরি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে দুদক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদক কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতিষ্ঠানটির নিরবতা প্রশ্নের মুখে পড়েছে। বক্তাদের দাবি, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট দুই উপদেষ্টা নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন। এজন্য নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের নির্বাচনে অংশগ্রহণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে তারা অভিযোগ করেন, বর্তমান দুদক দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা এই দুই ব্যক্তি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগের প্রশ্নে স্পষ্ট কিছু জানাননি।
সেদিন রাতেই প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা পড়েছে। তফসিল ঘোষণার মুহূর্ত থেকে পদত্যাগ কার্যকর হবে, তবে তার আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করতে পারবেন।