ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তে ইসির সভা শুরু

সময়ের চিত্র ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার সকাল পৌনে ১১টায় নির্বাচন ভবনে কমিশনের গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

সভায় তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় বিভিন্ন দফা পর্যালোচনার পাশাপাশি গণভোট ও জাতীয় নির্বাচনের অগ্রগতি, মাঠ প্রশাসনের সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন–সংক্রান্ত সিদ্ধান্ত, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের অগ্রগতি, এসওপি চূড়ান্তকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা, মহড়া ভোটের অভিজ্ঞতা, স্মার্ট কার্ড সংক্রান্ত বকেয়া বিল নিষ্পত্তি এবং ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা সংযোজনসহ একাধিক বিষয়ে আলোচনা হচ্ছে।

 

ইসি এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সম্পন্ন করেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে প্রস্তুতির প্রতিবেদন জমা দেবে কমিশন। এরপরই সিইসি আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

 

নতুন করে পুনর্গঠিত কমিশন গত নভেম্বর থেকে দ্রুতগতিতে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। পরে গণভোট যুক্ত হওয়ায় প্রস্তুতি আরও বিস্তৃত হয়। একইসঙ্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

 

প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা পঞ্চাশের বেশি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোট প্রক্রিয়ার বাইরে থাকছে।

এই বিভাগের আরো খবর