তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

শোকজ নোটিশ ও শাস্তিমূলক সতর্কতা উপেক্ষা করে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর যৌথ ভার্চুয়াল সভা শেষে বৃহস্পতিবারও (৪ ডিসেম্বর) সারাদেশের অধিকাংশ বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ও তালাবদ্ধ কর্মসূচি বজায় রাখার সিদ্ধান্ত জানানো হয়।

 

শিক্ষকদের অভিযোগ, গত ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে বেতন স্কেল–সংক্রান্ত আশ্বাস দেওয়া হলেও ২২ দিন পার হলেও কোনো বাস্তব অগ্রগতি নেই। দাবি আদায়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা বর্জন ও বিদ্যালয় বন্ধের কর্মসূচি পালন করছেন তাঁরা।

 

সভায় আন্দোলনরত নেতারা আরও জানান, ২০২৩ ও ২০২৫ ব্যাচসহ বিভিন্ন জেলার সহকারী শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ দেওয়া উদ্বেগজনক। তারা বলেন, তিন দফা দাবির বিষয়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত দেশজুড়ে শাটডাউন চলবে।

 

শিক্ষকদের তিন দফা দাবি

 

১. অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণার ভিত্তিতে সহকারী শিক্ষকদের জন্য আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।

 

 

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার বিদ্যমান জটিলতা দূরীকরণ।

 

 

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এই বিভাগের আরো খবর