সময়ের চিত্র ডেস্ক:
কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পারিবারিক বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মাঝামাঝি সময়ে এই নাশকতার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর উপজেলা বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুরের দিকে অগ্রসর হওয়ার সময় ২০–২৫ জনের একটি দল আকস্মিকভাবে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়।
হামলাকারীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, চেয়ার, আসবাবপত্র ও ঘরের ভেতরের বিভিন্ন সামগ্রী নষ্ট করে। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, আনন্দ মিছিল শেষ হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। বসতঘরের দরজা-জানালা, কিছু আসবাবপত্র ও কয়েকটি ছবি ভাঙচুর করা হয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন আছেন।