পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

রিজওয়ানা হাসান জানান, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন, বাসার সামনে বিস্ফোরণের চিহ্ন রয়েছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি দ্রুত এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরাও জানান, দুজন দুর্বৃত্ত এসে ককটেল ছুড়ে মুহূর্তেই সেখান থেকে সরে পড়ে। আতঙ্কে আশপাশের মানুষজন ছুটোছুটি শুরু করে।

 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তারা জানায়, কারা, কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা যাচাই করা হচ্ছে। আশপাশের বিভিন্ন ক্যামেরার ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

 

এর আগে একই দিন সন্ধ্যায় কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও হতাহতের ঘটনা ঘটেনি।

এই বিভাগের আরো খবর