খুলনায় পৃথক দুটি ঘটনায় শিশুসহ ৪ জনকে হত্যা

খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর সোনাডাঙ্গা ও লবণচরা এলাকায় পৃথক দুই ঘটনায় এক যুবকসহ চারজন খুন হয়েছেন। রোববার রাতে ঘটে এ দুটি হত্যাকাণ্ড। পুলিশ বলছে, ঘটনাগুলো একে–অপরের সঙ্গে সম্পৃক্ত নয়।

 

সোনাডাঙ্গায় যুবককে গুলি ও গলা কেটে হত্যা

 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা থানার করিমনগর মোড়ে আলাউদ্দিন মৃধা (৩৫) নামের এক যুবককে লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি চালায়। বুকে ও পেটে দুটি গুলি লাগে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়।

নিহত আলাউদ্দিন এ এলাকার মনা মুন্সির ছেলে এবং ভাড়া বাসায় স্ত্রীসহ থাকতেন।

 

সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার জানান, আলাউদ্দিন আগে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং সম্প্রতি জামিনে বেরিয়ে আসেন। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

 

লবণচরায় নানি ও দুই নাতি নিহত

 

অন্যদিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডে মুক্তা কমিশনারের কালভার্টের পাশে দরবেশ মোল্লা গলির একটি বাড়ি থেকে এক বৃদ্ধা এবং তাঁর দুই নাতির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মহিদুন্নেছা (৫৫), ফাতিহা (৬) ও মুস্তাকিম (৮)।

 

লবণচরা থানার এসআই পীযূষ রায় জানান, শিশু দুটির বাবা-মা কর্মজীবী হওয়ায় নানি তাদের দেখাশোনা করতেন। সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফিরে ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের মধ্যে নানির মৃতদেহ দেখা যায়। পরে পাশের মুরগির ঘর থেকে শিশুদের লাশ উদ্ধার করা হয়। শিশু দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি দুপুরে সংঘটিত হয়েছে।

 

পুলিশের বক্তব্য

 

কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাদুটি সম্পূর্ণ পৃথক। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এই বিভাগের আরো খবর