সময়ের চিত্র ডেস্ক:
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে নতুন করে ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। একই সময়ে বরিশাল বিভাগেই সর্বাধিক ১৪৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, ঢাকা বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, রাজশাহীতে ৫৫ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ২৫ জন, রংপুরে ১০ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১৮১ জনের। এর মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (৮৫ জন)। এছাড়া বরিশালে ২৮ জন, চট্টগ্রামে ২৩ জন, ঢাকা উত্তরে ২২ জন, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৬ জন, খুলনায় ৫ জন এবং ঢাকা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।