জনগণের অংশগ্রহণেই সংরক্ষিত হবে বিল ও জলাশয়: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় জনগণের অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, “জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া বিল ও জলাশয় সংরক্ষণ সম্ভব নয়। তাই গণশুনানি আয়োজন করে জনগণের মতামতের ভিত্তিতেই উদ্যোগ নেওয়া হবে।”

 

শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাতুরিয়া বিল পরিদর্শনের আগে নলগাঁওয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

উপদেষ্টা আরও বলেন, কাতুরিয়া বিল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডারই নয়, এটি স্থানীয় জনগণের জীবিকা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্যের জন্যও অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই বিল ভরাট বা কৃষিজমি দখল বন্ধ করা জরুরি। পাশাপাশি শিল্পদূষণ থেকে বিলকে রক্ষার ওপরও তিনি জোর দেন।

 

তিনি স্পষ্ট করে বলেন, “বিল ভরাট করা যাবে না। কৃষিজমি ভরাট হলে জনগণের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

 

সভায় গাজীপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পরে সৈয়দা রিজওয়ানা হাসান বেলাই বিলও পরিদর্শন করেন এবং এর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের আরো খবর