মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁওয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও : 

 

ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস।

 

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই আনন্দে মেতে ওঠেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শহরে বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা একে অপরকে অভিনন্দন জানান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সর্বস্তরের মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

নেতাকর্মীরা বলেন, ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়া শুধু বিএনপির জন্য নয়, পুরো ঠাকুরগাঁওবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার খবরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দের আবহ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর