পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সময়ের চিত্র ডেস্ক:

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

শনিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারের শ্রী শ্রী সার্বজনীন কালী ও দুর্গামন্দির পরিদর্শনকালে এ আহ্বান জানান।

 

তিনি বলেন,“শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। তবে পূজামণ্ডপের পবিত্রতা রক্ষার দায়িত্ব জনগণের, আমাদের সবার। যেহেতু এটি ধর্মীয় অনুষ্ঠান, তাই কেউ যেন জুতা নিয়ে মণ্ডপে প্রবেশ না করে বা এমন আচরণ না করে যা পবিত্রতা নষ্ট করে।”

 

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজায় সরকারি অনুদান এ বছর বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এই অনুদান ছিল ২ কোটি টাকা,” যোগ করেন উপদেষ্টা।

 

পূজা কমিটির দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে সাতজন সদস্য নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকার কথা। পাশাপাশি দুর্গাপূজার শেষ পাঁচ দিন আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবে।

 

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লৌহজংয়ের দক্ষিণ মশদগাঁওয়ের সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। এছাড়া তিনি তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে পদ্মা নদীর তীরে উপজেলা পরিষদের মালিকানাধীন প্রস্তাবিত পার্কের স্থান পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর