খেলাধুলা ডেস্ক:
এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা করল বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষে শনিবার (দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম) নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রতিপক্ষ ছিল শক্তিশালী শ্রীলঙ্কা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দাসুন শানাকা খেলেন ঝোড়ো ৩৭ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস, যেখানে ছিল ৬টি ছক্কা ও ৩টি চার। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান নেন সর্বোচ্চ ৩ উইকেট।
জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৯ রান। তবে রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিম শূন্য রানে আউট হলে চাপ তৈরি হয়। পরে সাইফ হাসান ও লিটন দাস মিলে গড়েন ৫০ রানের জুটি। লিটন ২৩ রানে বিদায় নিলেও সাইফ তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬১ রান করে ফেরেন তিনি।
অন্যদিকে তাওহীদ হৃদয় ব্যাট হাতে খেলেন ৫৮ রানের দারুণ ইনিংস (৪ চার ও ২ ছক্কা)। তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। জাকের আলি অনিক প্রথম বলে চার হাঁকালেও টানটান উত্তেজনা তৈরি হয় যখন টানা দুই ব্যাটার আউট হয়ে যান। শেষ পর্যন্ত নাসুম আহমেদের শান্ত ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়ে সুপার ফোরের লড়াইয়ে দুর্দান্ত শুরু করল টাইগাররা।