নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি

সময়ের চিত্র ডেস্ক:

সরকার গঠনের প্রায় ছয় মাস পর মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত করার পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরে সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া পদটি এতদিন শূন্য ছিল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা) নতুন করে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নতুন করে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। একই মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলাম আগের দায়িত্বে বহাল থাকায় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী থাকছেন।

এ ছাড়া শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ ও দায়িত্ব পুনর্বণ্টনের ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। এর আগে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৪৮ সদস্য ছিলেন; প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছিলেন।

এই বিভাগের আরো খবর