সময়ের চিত্র ডেস্ক : রাজবাড়ীতে মরদেহ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে এর পেছনে কার অবহেলা ছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লি দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। লাশ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কাদের দায় আছে, অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি আমি দেখবো।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর জাতীয় পার্টির এমন রাজনৈতিক কার্যকর্ম বোকামি। কাদের থেকে সাহস পেয়ে এ ধরনের কার্যক্রম করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। রাজনৈতিক কার্যক্রমকে মব বলা যাবে না।