‘সু চি বেঁচে আছেন কি না, আমরা যাচাই করতে পারছি না’

সময়ের চিত্র ডেস্ক রিপোর্ট : মায়ানমারের কারারুদ্ধ নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির খবর জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেন, ৭৯ বছর বয়সী নোবেলজয়ী নেত্রীর হৃদরোগের সমস্যা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস জানান, সঠিক ডাক্তারি পরীক্ষা ছাড়া মায়ের হৃদযন্ত্রের অবস্থা বোঝা সম্ভব নয়। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তিনি জীবিত আছেন কি না, সেটিও নিশ্চিত হওয়ার উপায় নেই।
আরিস আরো বলেন, সু চি হাড় ও দাঁতের সমস্যায় ভুগছেন। গত মার্চে মিয়ানমারে ভূমিকম্পে আহত হয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ওই ভূমিকম্পে ৩ হাজার ৭০০-র বেশি মানুষের প্রাণহানি ঘটে। এক ভিডিও বার্তায় আরিস সু চি ও মিয়ানমারের সব রাজনৈতিক বন্দির মুক্তি দাবি করেন। তবে মিয়ানমারের সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে সহিংসতায় জর্জরিত মায়ানমার। সেনাবাহিনীর দমন-পীড়নে সারা দেশে গণবিক্ষোভ ও সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সু চির বিরুদ্ধে উসকানি, দুর্নীতি ও নির্বাচনী কারচুপির অভিযোগ এনে ২৭ বছরের সাজা দেওয়া হয়েছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। সেনা অভ্যুত্থানের পর ২০২১ সালের মে মাসে আদালতে তাকে শেষবার জনসমক্ষে দেখা যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে তাকে মুখে সার্জিক্যাল মাস্ক পরে আদালতের কাঠগড়ায় বসে থাকতে দেখা যায়।

এই বিভাগের আরো খবর