সময়ের চিত্র ডেস্ক:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা। প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে লাখো মানুষ এতে অংশ নেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শোভাযাত্রা শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও কদম ফোয়ারা এলাকা প্রদক্ষিণ করে আবার উদ্যানে ফিরে শান্তি মহাসমাবেশে মিলিত হয়।
ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ রাজধানীতে সমবেত হন। বিশেষ করে এ বছর ঈদে মিলাদুন্নবী (দ.)-এর ১৫০০তম বর্ষপূর্তিকে ঘিরে ভক্তদের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। বড় অক্ষরে লেখা ছিল— “ইয়া নবী সালামু আলাইকা” ও “ইয়া রাসূল সালামু আলাইকা”। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে তাকবীর ও নারায়ে রিসালত স্লোগান। অংশগ্রহণকারীদের পরনে ছিল সাদা পোশাক, মাথায় সাদা ক্যাপ, সঙ্গে বিশাল জাতীয় পতাকা।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তাঁর আদর্শ অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। তারা আরও জানান, আজকের এই অস্থির বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো রাসূলুল্লাহ (দ.)-এর শিক্ষা বাস্তবায়ন।
সমাবেশে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বক্তারা আহ্বান জানান, নবীর শিক্ষা ও আদর্শ ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্রীয় জীবনে প্রয়োগের মাধ্যমে শান্তি ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।