‘আমরা এখন এশিয়া কাপের জন্য প্রস্তুত’

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি শেষ হলো এশিয়া কাপের একেবারে আগমুহূর্তে। এশিয়া কাপে প্রস্তুতির বিষয়গুলো তাই সিরিজজুড়েই এসেছে ঘুরেফিরে। বুধবার সিরিজ শেষে অধিনায়ক লিটন দাসের সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা এল একই কারণে। দলের ভাবনায়ও যে এশিয়া কাপ আছে, সেটির একটি প্রমাণ তো শেষ টি-টোয়েন্টির একাদশেও ছিল- বাংলাদেশ খেলতে নেমেছিল পাঁচটি পরিবর্তন নিয়ে। সবাইকে শেষবার পরখ করে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চায়নি দল।

শেষ ম্যাচে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে ১৮.২ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৬৪ রান। এই সিরিজে মুখ্য ছিল ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স। তা কী ঠিকঠাক করতে পেরেছেন ক্রিকেটাররা, এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তিটাই বা কী? প্রশ্নটা করা হয়েছিল অধিনায়ক লিটনকে।
ম্যাচের শেষে সিলেটে সংবাদ সম্মেলনে উত্তরে লিটন দাস বলেন, আমার কাছে মনে হয় অনুশীলন করাটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনুশীলনের চেয়ে ম্যাচে আপনি কতটা ডেলিভার করতে পারছেন। ম্যাচ খেললে আপনার উন্নতি হবে, গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন (এই সিরিজটা খেলার পর) ভালোভাবে প্রস্তুত এশিয়া কাপে যাওয়ার জন্য।
এতকিছুর পরও কোনো নির্দিষ্ট জায়গায় কী ঘাটতি রয়ে গেছে? উত্তরে লিটন বলেন, আমার কাছে মনে হয় না খুব একটা ঘাটতি আছে। হ্যাঁ, পুরোপুরি যদি খেলাটা খেলতে পারতাম (শেষ ম্যাচে) বোলাররা বল করতে পারত। এটা একটা থেকে যেতে পারে (ঘাটতি)। কিন্তু এটা (বৃষ্টি) তো আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করব সামনে যে অনুশীলন আছে, সেখানে যেন পুষিয়ে নিতে পারি।

টানা তিন সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপ খেলতে। গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে তাঁদের মাটিতেই। একই মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের পর এবার জয় এসেছে নেদারল্যান্ডসের বিপক্ষেও। লিটন বলেছেন, বড় টুর্নামেন্টে গিয়ে স্নায়ু ধরে রাখায় তাকিয়ে আছেন তিনি।

এই বিভাগের আরো খবর