বাণিজ্যিক কোচিংয়ে যুক্ত হতে পারবেন না বিচারকরা

সময়ের চিত্র ডেস্ক:

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ততার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সরাসরি কিংবা অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম—কোনো মাধ্যমেই বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত কোচিংয়ের সঙ্গে বিচারকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না।

সোমবার (২৪ আগস্ট) প্রধান বিচারপতির অনুমোদনের পর এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা বজায় রাখা এবং বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখার উদ্দেশ্যে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো বিচারক বাণিজ্যিক কোচিং কার্যক্রমের প্রচার-প্রচারণায় নিজের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করতে পারবেন না। একইভাবে এ ধরনের ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে না।

বিচারিক দায়িত্ব পালনের মাধ্যমে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ কিংবা ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্যিক কোচিংয়ের জন্য কোনো ধরনের শিক্ষা-সামগ্রী প্রস্তুত, সম্পাদনা, প্রকাশ বা সরবরাহ করতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা।

পরিপত্রের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর