গাজীপুর কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ৬০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি : গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা কাঁচাবাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সর্বশান্ত হয়ে পথে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

দোকানদার এবং ফায়ার সার্ভিস জানায়, আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। এরপর খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থাপনায়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। আগুনের তীব্রতা আরো বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ও স্থানীয়দের প্রায় দেড়ঘন্টা চেষ্টায় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রায় ৬০টি দোকান পুড়ে গেছে।

গাজীপুরের চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এই বিভাগের আরো খবর