গাজীপুরে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া এলাকায় ইয়ানুর ও হাবিব নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

নিহত ইয়ানুরের বাবা মো. আজাদ জামালপুর জেলার বাসিন্দা এবং হাবিবের বাবা মো. আমির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। উভয় পরিবার কোনাবাড়ী এলাকার আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দুই শিশু খেলতে গিয়ে বাড়ির পেছনে চলে যায়। এরপর দীর্ঘ সময় পার হলে তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই বাড়ির দুই পরিবারের দুই শিশুর একসঙ্গে এমন করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার উপ- পরিদর্শক রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর