গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে স্বামীর সাথে অভিমান করে দুলালী রানী বিথি (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৭ মে) মধ্যরাতে সিটি কর্পোরেশনের টঙ্গীর পাগার ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিথি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পূর্ব বেলগাঁও গ্রামের মানিক চন্দ্র মহন্থর মেয়ে। তার স্বামীর নাম রিপন মহন্তর।
তিনি টঙ্গীর ঝিনু মার্কেট এলাকার শহীদুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার রাত ১১টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দুলালী রানী বিথি। খবর পেয়ে বাসার লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।