বিএনপির সঙ্গে সংর্ঘষে পুলিশের মৃত্যু: পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

মামলার আসামি বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার আসামির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে বিএনপি। তবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়ার আগে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা। এতে আমিরুল ইসলাম পারভেজ নামে ওই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সংঘর্ষে পুলিশের ৪০ জনের বেশি সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পরে আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে।

নিহত পুলিশ সদস্যের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের। তার বাবা সেকান্দর মন্ডল।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ ২০০৯ সালে পুলিশে যোগ দেন। তারা দুই ভাই। চাকরির সুবাদে পারভেজ পরিবার নিয়ে ঢাকাতেই থাকেন। গ্রামের বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ও ভাই থাকেন। ২০১২ সালে তিনি বিয়ে করেন। তাদের ঘরে ৬ বছর বয়সী তানহা ইসলাম নামে এক কন্যা সন্তান রয়েছে।

এই বিভাগের আরো খবর