গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শ্রমিকরা। আজ সোমবার সকাল ৯টা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকরা এ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সোমবার সকাল ৯টায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে এবং সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর