শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের গোপন অস্ত্র ফাঁস করলেন হেড কোচ

স্পোর্ট ডেস্ক:

বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জিতে বেশ স্বস্তিতে পাকিস্তান। আগামীকাল মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে শ্রীলংকার বিপক্ষে। দলটির বিপক্ষে পাকিস্তানের গোপন অস্ত্র কে, সেটি ম্যাচের একদিন আগেই ফাঁস করলেন পাকিস্তানের হেড কোচ গ্রান্ট ব্রাডবার্ন।

সেই অস্ত্রটি আর কেউ নন, পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। যিনি ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শ্রীলংকার কোচ ছিলেন। আর্থার নাকি অনেক তথ্য দিয়েছেন শ্রীলংকার বর্তমান দল সম্পর্কে। এ ব্যাপারে ব্রাডবার্ন বলেন, ‘আমাদের একটি গোপন অস্ত্র আছে।… মিকি আর্থার, যিনি তাদের (শ্রীলংকা) আগে কোচিং করিয়েছেন।’

পাকিস্তানের হেড কোচ আরও বলেন, ‘আমরা টিমের সবাইকে নিয়ে আজ সকালেই স্কাউটিং এবং ভিডিও মিটিং করেছি। সেখানে আর্থার ছিলেন দারুণ সংযোজন। মিটিংয়ে তাদের (শ্রীলংকার) ব্যাটার, বোলারদের নিয়ে ভেতরের কিছু তথ্য দিয়েছেন তিনি।’

প্রসঙ্গত, ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে শ্রীলংকার দলে ফিরছেন স্পিনার মহেশ থিকসানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে বাজেভাবে হেরে যায় লংকানরা। পাকিস্তানের বিপক্ষে তাই পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ীরা।

 

 

এই বিভাগের আরো খবর