সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬

বিনোদন ডেস্ক:
ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ আহত হয়।
আহত খেলোয়াড়দের রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি করা হয়েছে।

খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল গিগাবাইট স্কোরারস। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নামে দীপংকর দীপনের টিম। তারা শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ফলে ৭ রানে হেরে যায় দীপংকর দীপনের টিম।

গেল বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন।

এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

এই বিভাগের আরো খবর