দিনাজপুর প্রতিনিধি:
ডেঙ্গু নিয়ে দেশব্যাপী উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হলেও দিনাজপুর পৌরসভায় উদাসীনতার ফলশ্রæতিতে দিনাজপুর শহরে মিলেছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত দই-এর পাতিলে মিলেছে এই লার্ভা। দিনাজপুরে এই প্রথম এডিস মশার লার্ভা পাওয়ায় বিষয়টি উদ্বেগজনক বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম. বোরহান-উল ইসলাম সিদ্দিকী বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিল সার্জন কার্যালয়ের সামনের রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত দই-এর পাতিলে এডিস মশার লার্ভা জন্মে। সেখান থেকেই জন্মানো এডিস মশার এই লার্ভা সনাক্ত করা হয়। তবে তিনি জানান, এই লার্ভা সংগ্রহ করে মাইক্রো বায়োলজী টেস্ট-এর জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দিনাজপুরে এডিস মশার লার্ভা সনাক্ত হওয়ার বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে যেহেতু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, সেহেতু দিনাজপুরে এডিস মশার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়া উচিৎ। এ বিষয়ে আমরা সচেতনতামুলক কর্মকান্ড চালাচ্ছি। তবে মশক নিধনের আমাদের কার্যক্রম নেই। এ বিষয়ে পৌরসভাকে কার্যকরী পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বাড়ীর আশেপাশে, ছাদে বা কোথাও পরিত্যক্ত কোন পাত্রে যাতে পানি জমে না থাকে-সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহŸান জানান জেলা স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকহারে বাড়লেও ডেঙ্গু প্রতিরোধে দিনাজপুর পৌরসভায় নেই তেমন কার্যকরী পদক্ষেপ। অপরিচ্ছন্ন এই শহরে যেখানে-সেখানে দিনের পর দিন পড়ে থাকছে ময়লা আবর্জনা। দীর্ঘদিন থেকেই ড্রেন পরিস্কারের কোন হদিস নেই এই শহরে। মশক নিধনে নেই তেমন দৃশ্যমান পদক্ষেপ। যার ফলশ্রæতিতে দিনাজপুরে মিলেছে এডিস মশার লার্ভা।
এ ব্যাপারে জানতে গতকাল বুধবার বিকেলে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অপরদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে ইতিমধ্যেই মারা গেছে দু’জন। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ আগস্ট মারা গেছে মোহাম্মদ রাকিব (১৭) নামে এক স্কুল ছাত্র এবং একই হাসপাতালে গত ১৩ আগষ্ট মারা যায় মাসুদ হাসান (১৮) নামে এক গার্মেন্টস কর্মী। এরা দুজনই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে এসেছিলো।
দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ঢাকা থেকে আগত রোগীর পাশাপাশি দিনাজপুরেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে অনেকেই।
গতকাল বুধবার দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত ৩৮৫ জন রোগী। এদের মধ্যে মারা গেছেন ২ জন, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ী ফিরেছেন ৩৬০ জন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ডেঙ্গু আক্রান্ত ২২ জন রোগী।