সময়ের চিত্র ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় যায়াই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন।
বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে।