সময়ের চিত্র ডেস্ক:
শীতের মৌসুমি সবজি বাজারে উঠতে শুরু করলেও রাজধানীর বাজারগুলোতে মিলছে না দামের স্বস্তি। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম ছাড়িয়েছে ১৫০ টাকা। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষতি এবং পরিবহন ও সরবরাহে বিঘ্ন ঘটায় সবজির বাজারে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
সবজির পাশাপাশি বেড়েছে মুরগি ও হাঁসের ডিমের দাম। তবে কিছুটা কমেছে মুরগির মাংসের দাম। দেশি রসুনের দাম বাড়লেও চীনা রসুন ও আদার দাম কমেছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের বাড়তি খরচের চাপ অব্যাহত রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি টমেটো ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা এবং কাঁচা টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি গাজর ১০০ টাকা ও চীনা গাজর ১৪০ টাকা। নতুন দেশি ও ভারতীয় আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪০ টাকায়।
এ ছাড়া লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ১০০ টাকা এবং কালো গোল বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিমের দাম মানভেদে ১০০ থেকে ১২০ টাকা। দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ১১০ টাকা, করলা ১০০ টাকা এবং কাঁকরোল ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির মধ্যে ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙা ৮০ টাকা করে এবং বরবটি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কচুর লতি ৮০ টাকা, মূলা ৫০ টাকা, কচুরমুখী ১০০ টাকা এবং শালগম ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
কাঁচা মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি। প্রতিটি লাউ ৮০ টাকা, চালকুমড়া ৬০ টাকা এবং ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকা।
সবজির দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিতে ফসলের ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতা মো. জীবন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সবজির ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দামও কমে আসবে বলে আশা করছেন তিনি।
আরেক বিক্রেতা মো. আনোয়ার হোসেন জানান, শীতের সবজি বাজারে আসায় দাম কমার কথা থাকলেও বৃষ্টিতে অনেক সবজি পচে নষ্ট হয়েছে। তিনি বলেন, ১৩০টি ফুলকপি নিয়ে এসে দেখেছেন, এর মধ্যে ২০টি পচে গেছে। এসব ক্ষতির প্রভাব বিক্রয়মূল্যে পড়ছে। শুধু ফুলকপি নয়, অন্যান্য সবজির ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।
বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা মঈন মোসারফ। তিনি বলেন, সবজির দাম কমার পরিবর্তে দিন দিন বাড়ছে। বাজারে এসে কোন পণ্য কিনবেন আর কোনটি বাদ দেবেন, তা নিয়ে চিন্তায় পড়তে হয়। নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠেছে।
এদিকে পেঁয়াজের বাজারে ক্রস জাতের পেঁয়াজ ৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলু ২৫ টাকা এবং বগুড়ার আলু ৫০ টাকা কেজি। দেশি রসুনের দাম বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় উঠেছে। অন্যদিকে চীনা রসুন ১৫০ থেকে ১৬০ টাকা এবং চীনা আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দেশি রসুনের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বিপরীতে চীনা রসুনের দাম ১০ থেকে ২০ টাকা এবং আদার দাম ২০ থেকে ৩০ টাকা কমেছে।
ডিমের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। প্রতি ডজন লাল ডিম ১২৫ থেকে ১৩০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের ডজন ২০০ থেকে ২১০ টাকা। গত সপ্তাহের তুলনায় মুরগির ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা এবং হাঁসের ডিমের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
তবে মুরগির মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, কক মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ২৮৭ থেকে ২৯০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম রয়েছে ৬২০ থেকে ৬৫০ টাকা কেজি। দেশি মুরগি ছাড়া অন্যান্য জাতের মুরগির দাম কেজিতে ৭ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে আকার ও মানভেদে ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা। রুই ৪০০ থেকে ৭০০ টাকা এবং কাতল ৩৫০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কালিবাউশ ৫০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাঁচকি ৫০০ থেকে ৬০০ টাকা এবং কৈ মাছ ২২০ থেকে ২৫০ টাকা কেজি।
এ ছাড়া পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, বাতাসি ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, কাজলি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মেনি মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুদি পণ্যের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। চাল, ডাল, তেল, চিনি ও আটার দাম ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
বাজারে প্যাকেটজাত পোলাওয়ের চাল প্রতি কেজি ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৮০ টাকা। ছোট মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ও ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বোতলজাত সয়াবিন তেলের লিটার ২০৪ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি ২০৫ টাকা। খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকা। কৌটাজাত ও খোলা ঘি কেজি ১ হাজার ৪০০ টাকা, চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং একই পরিমাণ আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মসলার বাজারে এলাচ প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা, দারুচিনি ৫০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৫৫০ টাকা, সাদা ও কালো গোলমরিচ ১ হাজার ৩০০ টাকা করে, জিরা ৬৪০ টাকা, কাজুবাদাম ১ হাজার ৪০০ টাকা এবং কাঠবাদাম ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় লবঙ্গের দাম কেজিতে ১৫০ টাকা এবং জিরার দাম ১৪০ টাকা বেড়েছে।
সব মিলিয়ে শীতের মৌসুমি সবজি বাজারে এলেও দাম না কমায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ডিমসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তি থাকায় সীমিত আয়ের পরিবারগুলোর সংসার খরচ সামলানো আরও কঠিন হয়ে পড়েছে।