২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

সময়ের চিত্র ডেস্ক:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সংশ্লিষ্ট রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

 

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে।

 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৬২ শিশু।

 

নতুন নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩, সিলেটে ১৮ এবং চট্টগ্রামে ১৫ শিশু রয়েছে। সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৩, চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ শিশু শনাক্ত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬।

 

এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ শিশু।

 

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৮৭ শিশু।

 

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সন্দেহজনক হামে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫৬০ শিশু। সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

 

নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যাতেও ঢাকা বিভাগ এগিয়ে। এ বিভাগে ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর