চার বছরে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে ৬৪ জেলায় বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী জানান, উদ্যোক্তা হতে আগ্রহী নারী ও পুরুষদের সহায়তায় এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি চালু করেছে। এর আওতায় দেশের প্রতিটি জেলায় বছরে ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। চার বছর মেয়াদি এ উদ্যোগের মাধ্যমে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরির প্রত্যাশা করছে সরকার।

 

তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এসএমই নীতিমালা প্রণয়ন করা হয়েছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

 

নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের জিডিপিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। পণ্যের গুণগত মান, নকশা ও উদ্ভাবন উন্নয়নে ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

 

দেশীয় উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তারেক রহমান বলেন, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য অর্জনে উদ্যোক্তা সৃষ্টি ও শিল্পের বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

তরুণদের উদ্দেশে তিনি বলেন, কেবল চাকরির পেছনে ছুটে সময় ব্যয় না করে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার চিন্তা করা উচিত।

 

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ স্লোগানে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

 

এই বিভাগের আরো খবর