সময়ের চিত্র ডেস্ক:
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়রের বাড়িসহ অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ লোকজন এসব বাড়িতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার শিকার বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে।
এর আগে কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়া উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন এবং বিক্ষোভ করেন। কর্মসূচির বহর বেন্দারচরের বটতলা মোড়ে পৌঁছালে সেখানে হামলার ঘটনা ঘটে। এতে শাহীন মোল্যা ও সোহেল মোল্যা গুরুতর আহত হন।
আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া মডেল মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
শুক্রবার দুপুরে নিহত নেতাদের কবর জিয়ারত করতে কালিয়ায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নড়াইলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে শুক্রবার সন্ধ্যায় বেন্দারচর এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতদের পরিবারের সদস্যরা শনিবার মামলা করতে থানায় আসবেন বলে তারা আশা করছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে বলেও জানান তিনি।