সময়ের চিত্র ডেস্ক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা জানান।
দিবসটির কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, নৌবাহিনীর স্থাপনা ও বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে।
সকালে প্রথমে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণ করেন তিনি।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনিও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক প্রদান ও তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।
এ আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত অভিযান শুরু হয়। মুক্তিযুদ্ধের বিজয় অর্জনে এ অভিযানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।