তুরস্কে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের পরিকল্পনা মালয়েশিয়ার

সময়ের চিত্র ডেস্ক:

মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট মোকাবিলায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় শরণার্থীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়ে তুরস্কে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

শুক্রবার (২০ নভেম্বর) মালয়েশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

 

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জানান, তুরস্কে সাম্প্রতিক সরকারি সফর শেষে তিনি এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করেন। মন্ত্রিসভা প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে।

 

তিনি বলেন, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি আরও কার্যকর, সমন্বিত ও মানবিকভাবে মোকাবিলার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, তুরস্কে যাওয়ার আগে রোহিঙ্গারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) কর্মসূচিতে অংশ নেবেন। তিন থেকে ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণে তুরস্কের বিভিন্ন শিল্প খাতের চাহিদা অনুযায়ী ব্যবহারিক দক্ষতা শেখানো হবে।

 

আহমদ জাহিদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন এবং তুরস্কের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবেন। তবে কর্মসংস্থান ও অন্যান্য কার্যক্রম দেশটির আইন ও বিধিবিধান মেনেই পরিচালিত হবে।

 

এদিকে, গত বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনের অভিযোগসংক্রান্ত মামলায় রায় দিয়েছেন। দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন। রায়ে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত সেপ্টেম্বরের শেষ দিকে মালয়েশিয়া মিয়ানমারের প্রায় দেড় হাজার নাগরিককে দেশে ফেরত পাঠায়। দেশটির কর্তৃপক্ষ এ প্রক্রিয়াকে স্বেচ্ছামূলক প্রত্যাবাসন হিসেবে উল্লেখ করলেও মানবাধিকার সংগঠনগুলো এর ফলে অভিবাসীদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে।

 

তুরস্কে পুনর্বাসনের প্রস্তাবের আওতায় নির্বাচিত রোহিঙ্গারা স্বেচ্ছায় অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, পরিকল্পনাটি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নীতিতে শরণার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করে তৃতীয় দেশে পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়।

 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা।

এই বিভাগের আরো খবর