সময়ের চিত্র ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম, খুন ও সন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ‘এনাফ ইজ এনাফ—যথেষ্ট হয়েছে, আর না’ বলে তিনি এ বিষয়ে জনগণের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের বাইরে পালিয়ে যাওয়া ব্যক্তিদের খুশি করতে একটি গোষ্ঠী আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জনগণের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। কিন্তু দেশের মানুষ আর এ ধরনের রাজনীতি মেনে নেবে না।
তিনি বলেন, ২০২৪ সালের মতো দেশ ও জনগণের স্বার্থে সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদ, সন্ত্রাস, হত্যার রাজনীতি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে জবাব দিতে হবে।
সরকার জনগণের কল্যাণে কাজ শুরু করলেও নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, যারা ষড়যন্ত্র করছে, তারা দীর্ঘ ১৬ বছর মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। মানুষের বাকস্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ আর নিশিরাতের ভোট কিংবা ডামি নির্বাচনের সংস্কৃতি দেখতে চায় না। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে নতুন শিল্পকারখানা গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হবে এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।