সময়ের চিত্র ডেস্ক:
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার সময় থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং থানা প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্যে, হামলায় হতাহতের কোনো খবর জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী জড়ো হন। পরে লাঠি ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তারা থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে থানার ভেতরে ও বাইরে থাকা কয়েকটি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলার সময় থানার ভেতরে পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ গণমাধ্যমকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।