নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রশাসনিক কাঠামো আরও সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি নবগঠিত উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান নির্ধারণেও অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত এসব প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানার আওতাধীন এলাকা পুনর্বিন্যাস করে মাতামুহুরী উপজেলায় নতুন একটি থানা প্রতিষ্ঠা করা হবে। উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় থানাটির অবস্থান নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানার এলাকা পুনর্গঠন করে নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া বগুড়ার মোকামতলা এবং সিলেটের জৈন্তাপুর এলাকায় দুটি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সরকারব্যবস্থা ও নাগরিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
নিকার সভায় ময়মনসিংহের একটি থানার নাম পরিবর্তনের প্রস্তাবও অনুমোদন করা হয়। নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ নির্ধারণ করা হয়েছে।
উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের অবস্থান নিয়েও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর ও হাজিরপাড়া মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
একইভাবে কুমিল্লার মুরাদনগর উপজেলা পুনর্বিন্যাসের মাধ্যমে গঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণসংক্রান্ত প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছিল।