নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় বখাটে ও চাঁদাবাজদের তৈরি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের চোরাই বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে ইসরাত নামের চার বছরের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছিনিয়ে আনার মতো ঘটনা ঘটিয়েছে এলাকার ভয়ংকর ‘তোতা-শাহীন’ গ্যাং। দরিদ্র বাবাকে একটি অটোরিকশা কিনে দেওয়ার প্রলোভন এবং প্রাণনাশের হুমকি দিয়ে এই মৃত্যুকে ‘স্বাভাবিক মৃত্যু’ হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
যেভাবে ঝরল নিষ্পাপ প্রাণ :
ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ের ১ নাম্বার রোডের শেষ মাথায় খালপাড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি টিনের চালের ওপর দিয়ে সস্তা জোড়াতালির তার ব্যবহার করে অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিল স্থানীয় চাঁদাবাজ তোতা, ছুরি শাহিন, সেলিম ও হাসান। গতকালের মুষলধারে বৃষ্টির কারণে টিনের চাল ও আশেপাশের দোকানপাটে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
আজ সকালে ১ নাম্বার রোডের শেষ মাথায় একটি পরিত্যক্ত দোকানের সামনে আরও ৪-৫ জন শিশুর সঙ্গে খেলছিল চার বছরের শিশু ইসরাত। স্থানীয়রা জানান, যেই পরিত্যক্ত দোকানের সামনে শিশুটির মৃত্যু হয়েছে, ঠিক তার পেছন সাইডেই জোরপূর্বক জায়গা দখল করে ওই অবৈধ গ্যারেজটি তৈরি করেছে চক্রটি। আর পরিত্যক্ত ওই দোকানের সামনের বিদ্যুতের খাম্বা থেকেই অবৈধ বিদ্যুতের লাইন গ্যারেজের জন্য নামানো হয়েছিল। খেলার এক পর্যায়ে ওই অবৈধ বৈদ্যুতিক লাইনের কারণে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশুটি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি লোকাল ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খবর দেওয়া হয় শিশুটির দরিদ্র পিতা মো. মমিনকে। মমিন ৩ নম্বর রোডের একটি বাসায় দারোয়ানের কাজ করেন এবং মা আকলিমা বেগম গৃহকর্মী। খবর পেয়ে তারা দ্রুত শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হুমকি, প্রলোভন ও লাশ গুমের চেষ্টা:
শিশুটির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় অবৈধ গ্যারেজ মালিক ও এলাকার চিহ্নিত বখাটে চাঁদাবাজ তোতা, ছুরি শাহিন, সেলিম ও হাসান। তারা সেখানে পেশিশক্তি খাটিয়ে এবং মমিনকে ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট নিয়ে তড়িঘড়ি করে লাশ এলাকায় নিয়ে আসে।
স্থানীয় বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, গ্যাংয়ের সদস্যরা মমিনকে হুমকি দিয়ে বলেছে— এলাকায় যেয়ে সবাইকে বলবা এটা একটা সাধারণ মৃত্যু। যদি কথার হেরফের করছো, তবে তোর খবর আছে। এই কথা পুলিশ যাতে না জানে। মুখ বন্ধ রাখার পুরস্কার হিসেবে মমিনকে আজই একটি অটোরিকশা কিনে দেওয়ার প্রলোভন দেখানো হয়, যাতে তাকে আর দারোয়ানি করতে না হয়।
পুলিশের সুরতহাল ও পরিবারের নীরবতা:
খবর পেয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল একজন নারী কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে হাজির হন। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশু ইসরাতের দুই হাতেই কারেন্টের স্পটের স্পষ্ট দাগ পাওয়া যায়। কিন্তু পুলিশের জেরার মুখে ভয়ে ও আতঙ্কে নিশ্চুপ থাকেন শিশুটির মা। তিনি কথা এড়িয়ে যান। চাঁদাবাজ তোতা-শাহীন গ্রুপের হুমকিতে তারা মেয়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি স্বীকার করতে সাহস পাচ্ছেন না। তবে এলাকার সাধারণ মানুষ গোপনে এই হত্যাকাণ্ডের সাক্ষী দিচ্ছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
কে এই তোতা-শাহীন গ্রুপ?
এলাকাবাসীর কাছে এক আতঙ্কের নাম তোতা-শাহীন গ্রুপ। মোহাম্মদপুর এলাকায় কোনো নতুন ভবন নির্মাণ শুরু হলেই তারা সেখানে চাঁদাবাজির জন্য হাজির হয়। ছিঁচকে চুরি, ছিনতাই থেকে শুরু করে জোরপূর্বক রড, সিমেন্ট, বালু সাপ্লাই এবং পাইলিংয়ের কাজ নেওয়া তাদের নিয়মিত অপকর্ম। চাঁদা বা কাজ না দিলে শুরু হয় জবরদখল।
যে প্লটে মৃত্যু, সেটিও সদ্য দখল করা:
অনুসন্ধানে জানা যায়, যে প্লটটিতে অবৈধ অটোরিকশার গ্যারেজ ও বিদ্যুতের লাইন টানা হয়েছে, সেটিও কিছুদিন আগে জবরদখল করেছে এই চক্রটি। সি এস ও এস এ-৭৫৪ দাগের ওই প্লটটির মালিক মো. নজরুল ইসলাম। গত ৫ নভেম্বর (২০২৬) তারিখে তিনি মোহাম্মদপুর থানায় এই চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছিল— পন্ডিত আলির ছেলে তোতা, জব্বার আকন্দের ছেলে সেলিম, অজ্ঞাত পরিচয়ের ছুরি শাহীন ও হাসানসহ একদল সন্ত্রাসী বাঁশের খুঁটি দিয়ে জোরপূর্বক প্লটে রিকশা গ্যারেজ নির্মাণের কাজ শুরু করে। বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র (দাও, সাবল, বাঁশ) নিয়ে প্লট মালিকদের ওপর হামলা করতে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। সেই জবরদখল করা জায়গাতেই অবৈধ গ্যারেজ বানাতে গিয়ে আজ এই বখাটেদের লোভ ও খামখেয়ালিপনার শিকার হলো ৪ বছরের এক নিরীহ শিশু।
স্থানীয়দের দাবি, এই তোতা-শাহীন গ্যাংকে এখনই আইনের আওতায় না আনলে এলাকায় আরও বড় ধরনের প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটতে পারে। শিশু ইসরাত হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসছে পুরো সাত মসজিদ হাউজিং এলাকা। পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।