সময়ের চিত্র ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ্য বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় কবরস্থানের সংশ্লিষ্ট এলাকা ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় ককটেল সদৃশ্য কিছু বস্তু রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখা হয়।
কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম আরও জানান, বস্তুগুলো পরীক্ষা করার জন্য এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর বস্তুগুলো বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত করতে পারবে।
এর আগে, সোমবার বিকেলে রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তু পাওয়ার খবর পাওয়া যায়।