কুবি সংবাদদাতা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অপ্রতিমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল—‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান। পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভে ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, অপ্রতিমের হত্যার বিচার শুধু একটি পরিবারের দাবি নয়; এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, অপ্রতিম হত্যার তদন্তে পুলিশ যে অগ্রগতির কথা বলছে, তা স্পষ্টভাবে জানানো প্রয়োজন। তদন্তের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত এবং হত্যার দায়ীদের আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।