চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের উদ্যোগে সমুদ্র ও পরিবেশ দূষণ, ডেঙ্গু প্রতিরোধ, দন্ত স্বাস্থ্য এবং এইচআইভি/এইডস বিষয়ে পৃথক পৃথক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. হারুনুর রশিদ খান। তিনি সমুদ্র ও পরিবেশ দূষণের বিভিন্ন কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া ‘ডেঙ্গু প্রতিরোধ’ বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ বশিরুল ইসলাম।
দন্ত স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় প্রধান আলোচক রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দন্ত বিভাগের প্রধান ডা. রথীন্দ্রনাথ সরকার। তিনি দাঁত ও মুখের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত পরিচর্যা, সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে ‘এইচআইভি ও এইডস বিষয়ে সচেতনতা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিবর্তন ম্যাটস বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাকিলা আক্তার। তিনি এইচআইভি/এইডস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এসব সেমিনার ও কর্মশালায় ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনার ও কর্মশালাগুলোতে পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।