সময়ের চিত্র ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে।
বিশ্বের ৩০ দেশের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ)। সম্মেলনে সার্বিক সহযোগিতা করেছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।
৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের প্রতিনিধিদলসহ বিশ্বের ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশগ্রহণ করেন। ‘দৈনিক আজকাল’-এর বিশেষ সংবাদদাতা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন মুশতাক আহমেদ মুবারকী — সম্পাদক , দৈনিক বঙ্গবাণী , মোহাম্মদ মুনীরুজ্জামান — সম্পাদক, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি , মোঃ আবু বকর সিদ্দিক — সিনিয়র করেসপন্ডেন্ট , দৈনিক আজকের প্রভাত , পান্না জামান , এক্সিকিউটিভ এডিটর , দৈনিক অমর বাংলা , শাহনাজ বেগম– চ্যানেল-এস টেলিভিশন অনলাইন, এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো। বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধি দলের সাথে সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল ও দি বাংলাদেশ পোষ্টের সিনিয়র করেসপডেন্ট মো: আবদুর রহমানসহ বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে আরো ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক জুবায়ের আহমেদ ( কো-অর্ডিনেটর), কেয়া বোস ও ফরহাদ আলম।
চার দিনব্যাপী সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী সাংবাদিক ও গবেষকরা মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।