মিরপুরে বাসা থেকে তুলে নেওয়ার পর কিশোর নিখোঁজ

প্রশাসনের নীরবতায় উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানীর মিরপুর থেকে শাফিয়াল মুজনাবীন (১৭) নামে এক কিশোরকে জোরপূর্বক বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই কিশোরের কোনো সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিখোঁজ কিশোরের নানি মোছাঃ মনোয়ারা বেগম।

ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে তিনি মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১০৮/২০২৪) দায়ের করেছেন।

জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, শাফিয়াল মুজনাবীন তার পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করত। গত ৫ই আগস্টের উদ্ভূত পরিস্থিতির পর, ১৪ই সেপ্টেম্বর কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে সে সম্পূর্ণ নিখোঁজ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।

নিখোঁজ কিশোরের নানি মোছাঃ মনোয়ারা বেগম চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার নাতি বর্তমানে জীবিত আছে নাকি মৃত, সে বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে রয়েছি। আমরা অত্যন্ত অসহায় অবস্থায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাইনি।

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রশাসনকে জানানোর পরও তারা এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে।

পারিবারিক তথ্য অনুযায়ী, নিখোঁজ শাফিয়াল মুজনাবীন মোঃ মনিরুল ইসলাম এবং হাসিনা বেগমের সন্তান। তাদের স্থায়ী ঠিকানা ভোলার সদর পৌরসভার পাখিরপুল রোডের হাওলাদার মঞ্জিল।

শাফিয়ালের জীবনের নিরাপত্তা নিয়ে বর্তমানে চরম উৎকণ্ঠায় দিন পার করছে তার পরিবার। দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মোছাঃ মনোয়ারা বেগম।

এই বিভাগের আরো খবর