এইচআরএসএসের প্রতিবেদন

ছয় মাসে মব সহিংসতায় ১৩৩ নিহত, ২৫৬ আহত

সময়ের চিত্র ডেস্ক:

চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি ও মব সহিংসতার ২৬১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত সংস্থাটির অর্ধবার্ষিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংস্থার নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই, ব্যক্তিগত বিরোধ, আধিপত্য বিস্তার ও ধর্মীয় অবমাননার অভিযোগসহ নানা কারণে এসব মব সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ে এমন ১৪১টি ঘটনায় ৬৭ জন নিহত ও ১১৯ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

রাজনৈতিক সহিংসতার চিত্রও উদ্বেগজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছয় মাসে রাজনৈতিক ও নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতায় ৫৬ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত বা হামলার শিকার হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে পৃথক ৩৯৬টি সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, আহত হয়েছেন ২ হাজার ৫৭৮ জন। পাশাপাশি ৬০০টির বেশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছয় মাসে ১ হাজার ৬২১ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তাদের মধ্যে ৪০৪ জন ধর্ষণের শিকার হন এবং অধিকাংশই ছিল অপ্রাপ্তবয়স্ক। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮৮ জন এবং ধর্ষণের পর ১৭ জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

এ ছাড়া সাংবাদিক নির্যাতনের ২০০টি ঘটনায় ৩৮৩ জন সাংবাদিক বিভিন্ন ধরনের হামলা, হয়রানি, হুমকি ও আটকের শিকার হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টি হামলার ঘটনায় ৫৬ জন আহত হওয়ার পাশাপাশি মন্দির, প্রতিমা ও বসতবাড়িতে ভাঙচুরের তথ্যও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্তে সহিংসতা, কারাগার ও হেফাজতে মৃত্যু, মত প্রকাশের স্বাধীনতায় বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মৃত্যুর ঘটনাও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক সহিংসতা, মব হামলা, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন, হেফাজতে মৃত্যু এবং মত প্রকাশের স্বাধীনতায় বাধার মতো বিষয়গুলো কার্যকরভাবে মোকাবিলা করা না গেলে দেশের মানবাধিকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

এই বিভাগের আরো খবর