সময়ের চিত্র ডেস্ক:
এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকা ৬ ও ৭ নম্বর প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে তিনি জানান, কোনো পরীক্ষার্থী যেন প্রশ্নের ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। তবে এ কারণে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না; সংশ্লিষ্ট দুটি প্রশ্নের জন্য সবাইকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকেই প্রশ্ন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং পূর্বনির্ধারিত মডারেটরদের মাধ্যমেই প্রশ্নপত্র প্রস্তুত করা হয়। তা সত্ত্বেও বিষয়টি শনাক্ত হওয়ার পর দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষা আয়োজন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সারাদেশে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে এবং তাদের মূল্যায়নে পরীক্ষা সামগ্রিকভাবে সন্তোষজনকভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় সাময়িক সমস্যা সৃষ্টি হলেও পরিস্থিতি বিবেচনায় সেখানে পরীক্ষা কিছুটা বিলম্বে শুরু করার অনুমতি দেওয়া হয়।
এ ছাড়া এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীর পরীক্ষা এক ঘণ্টা বিলম্বে নেওয়া হয় এবং অতিরিক্ত সময়ও প্রদান করা হয়।