সময়ের চিত্র ডেস্ক:
গত জুন মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ৫৩০টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৬২ জন নিহত হয়েছেন। একই সময়ে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫০ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রকাশিত সর্বশেষ মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিআরটিএ জানায়, ১২ জুলাই স্বাক্ষরিত প্রতিবেদনটি ১৩ জুলাই প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন বিভাগীয় কার্যালয় থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক দুর্ঘটনার সংখ্যায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে ১৭১টি দুর্ঘটনায় ১৪৩ জন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০৩ জন, আহত হয়েছেন ১৭৬ জন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৭ জন, খুলনা বিভাগে ৪৮টি দুর্ঘটনায় ৪০ জন, রংপুর বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৭ জন, বরিশাল বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ২০ জন, ময়মনসিংহ বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২২ জন এবং সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন।
জুন মাসে সংঘটিত এসব দুর্ঘটনায় মোট ৮২৭টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে বাস, ট্রাক, মোটরসাইকেল, অটোরিকশা, মোটরকার, পিকআপ, মাইক্রোবাস, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে।
যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ট্রাক ও কাভার্ডভ্যান সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৭১ জন, বাস ও মিনিবাসে ৪৫ জন, অটোরিকশায় ৪১ জন, পিকআপে ২৬ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৭ জন, মোটরকার বা জিপে ১২ জন, ইজিবাইকে ১২ জন, ভ্যানে ১১ জন, মাইক্রোবাসে ৬ জন, অ্যাম্বুলেন্সে ৪ জন, ট্রাক্টরে ২ জন এবং অন্যান্য যানবাহন সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৯৪ জন নিহত হয়েছেন।
বিআরটিএর তথ্য অনুযায়ী, সার্বিকভাবে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের সংখ্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।