দেশ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সময়ের চিত্র ডেস্ক:

দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থে সম্মিলিত উদ্যোগই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে।

মঙ্গলবার বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকার সাগরদী খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। কর্মসূচির সূচনায় একটি নারিকেল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করেছে। সেই চেতনা ধরে রেখে এখন দেশের উন্নয়ন, জনকল্যাণ ও পরিবেশ রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়; নাগরিকদেরও সমান ভূমিকা রয়েছে। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সাগরদী খালের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, খাল রক্ষা ও পরিচ্ছন্ন রাখা স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ দায়িত্ব। খালে প্লাস্টিক, পলিথিন কিংবা অন্যান্য বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে তিনি নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে খালে সরাসরি বর্জ্য বা পয়োনিষ্কাশনের সংযোগ না রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, নিজের ঘর যেমন পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, তেমনি নিজের এলাকা ও দেশকেও পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। নাগরিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা খালের দুই পাশে প্রতীকী বৃক্ষরোপণেও অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজ আদায় করেন। বরিশাল সফরের শেষ কর্মসূচি হিসেবে তিনি শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো খবর