সময়ের চিত্র ডেস্ক :
দেশের বিভিন্ন এলাকায় টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১০ জুলাই) দিনভর বন্যাপ্রবণ বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সিভিল সার্জনদের সঙ্গে যোগাযোগ করে তিনি স্থানীয় পরিস্থিতি, উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা এবং ত্রাণ বিতরণের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি উদ্ধার, ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত এলাকার সার্বিক কার্যক্রম তদারকির দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। শনিবার তিনি ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সফরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন।
প্রেস সচিব আরও জানান, কয়েকটি এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও সামগ্রিক পরিস্থিতি এখনও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বিশেষভাবে নারী, শিশু ও গর্ভবতী নারীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্গত এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং দুর্যোগের সুযোগ নিয়ে কেউ যেন চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্যাকবলিত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এদিকে, চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।