সময়ের চিত্র ডেস্ক:
ম্যাচের শেষ দিকে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। একসময় ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি শেষ ১১ মিনিটে তিন গোল করে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।
শুরু থেকেই আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। এর সুযোগ নিয়ে ১৫তম মিনিটে মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে ইয়াসের ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিশর।
১৯তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে অধিনায়ক লিওনেল মেসির শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবার। এরপরও একাধিক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে মোস্তাফা জিকো গোল করে মিশরের ব্যবধান ২-০ করেন। তখন আর্জেন্টিনার বিদায়ের শঙ্কাই দেখা দিচ্ছিল।
তবে ৭৯তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে ক্রিশ্চিয়ান রোমেরো হেডে গোল করে ব্যবধান কমান। মাত্র চার মিনিট পর নিজেই গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি।
যোগ করা সময়ে আরেকটি সফল পাল্টা আক্রমণ থেকে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোলটি করেন। এরপর আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।