গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০ 

মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী-হাটবোয়ালীয়া সড়কে গরুবোঝাই একটি লাটাহাম্বারের এক্সেল ভেঙে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক উজ্জ্বল হোসেন (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬:জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।

 

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার রাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত উজ্জ্বল হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

 

আহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সহোদর ভাই কবির হোসেন ও ইসরাফিল আলী, তাদের ভাতিজা উসমান, নওদাপাড়া গ্রামের রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের সাবদার হোসেন ও ইসমাইল হোসেন, সদর উপজেলার বামনপাড়া গ্রামের রাজা হোসেন, যাদবপুর গ্রামের রহিদুল ইসলাম এবং রাধাকান্তপুর গ্রামের লিটন হোসেনসহ আরও একজন।

 

জানা গেছে, তারা সবাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গরুর হাটে বিক্রির উদ্দেশ্যে গরু নিয়ে যাচ্ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গরুবোঝাই লাটাহাম্বারটি দ্রুতগতিতে চলছিল। রাইপুর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান চালক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের আশঙ্কা, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

 

দুর্ঘটনার খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ওসি জানান, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এদিকে নিহত উজ্জ্বল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এই বিভাগের আরো খবর